শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। জেলার বিভিন্ন স্থানে জুয়েলারি ব্যবসায়ী ও কারিগরসহ শিল্প ও নির্মাণকাজের সঙ্গে যুক্ত সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি পালন করেন।


শুক্রবার (১৮  সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন জুয়েলারি দোকান ও কারখানায় বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।


পূজা উপলক্ষে অনেক জুয়েলারি দোকানের মেঝেতে বিশ্বকর্মার মূর্তি কিংবা পটে আঁকা ছবি স্থাপন করে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। এ সময় ব্যবসায়ী ও কারিগররা নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ, সমৃদ্ধি ও সাফল্যের জন্য প্রার্থনা করেন।


সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিশ্বকর্মা শিল্প, কারুশিল্প ও নির্মাণকাজের দেবতা। তাই শিল্পকর্ম, হস্তশিল্প, লোহা ও বিভিন্ন যন্ত্রপাতিনির্ভর কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতিবছর নির্দিষ্ট তিথিতে তাঁর পূজা করে থাকেন। পূজার সময় অনেক কারিগর তাঁদের ব্যবহৃত যন্ত্রপাতি বিশ্বকর্মার উদ্দেশে নিবেদন করেন এবং আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত সেগুলো ব্যবহার থেকে বিরত থাকেন।


সনাতন ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিতে বিশ্বকর্মা পূজা ঘিরে দুর্গাপূজার আগমনী আবহও তৈরি হয়। এদিন পূজা-অর্চনার পাশাপাশি বিভিন্ন স্থানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ ও ধর্মীয় পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়।