শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মাছের রেসিপি নিয়ে নাটোরে প্রতিযোগিতা

নাটোর প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩ অপরাহ্ন
মাছের রেসিপি নিয়ে নাটোরে প্রতিযোগিতা

বাংলাদেশের খাদ্য ও রন্ধন ঐতিহ্যে মাছের বিশেষ গুরুত্ব তুলে ধরতে দেশব্যাপী দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ‘বাংলাদেশি ফিশ রেসিপি প্রতিযোগিতা সিজন ২’। এরই অংশ হিসেবে নাটোরে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পর্যায়ের আয়োজন।


শুক্রবার (১৮  সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হোটেল ওয়েলসে ‘উইমেন’স কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (WCAB) ও ‘স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অব কালিনারি আর্টস’ (SICA)--এর যৌথ উদ্যোগে এবং ‘শেফস চয়েস—নিউজিল্যান্ড ডেইরি, বাংলাদেশ’-এর আয়োজনে ‘শেফস চয়েস মাছে মাছে বাঙালিয়ানা’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন’স কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক কল্পনা তাহমান, বিজনেস হেড মাসুম খান এবং সংগঠনটির সভাপতি ও ক্রিস্টাল গ্রেইনস লিমিটেডের নাজমা হুদা।


আয়োজকেরা জানান, দেশের আটটি বিভাগের গৃহরাঁধুনি, ভোজনরসিক ও পেশাদার রন্ধনশিল্পীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মাছকে মূল উপাদান রেখে ‘শেফস চয়েস’-এর ডেইরি পণ্য ব্যবহার করে সৃজনশীল ও বৈচিত্র্যময় রেসিপি তৈরির মাধ্যমে প্রতিযোগীরা অংশ নেবেন।


প্রতিযোগিতার প্রথম ধাপে দেশের আটটি বিভাগে বিভাগীয় পর্যায়ের আয়োজন হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনজন করে মোট ২৪ জন প্রতিযোগী সেমিফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেমিফাইনাল থেকে নির্বাচিত ১২ জন প্রতিযোগী ঢাকার ঝওঈঅ ক্যাম্পাসে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখান থেকে সেরা তিনজনকে জাতীয় চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।


প্রতিযোগিতায় তিন সদস্যের বিচারক প্যানেল থাকবে। এতে ঢাকা থেকে একজন এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে দুজন রন্ধন বিশেষজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন।


আয়োজকদের প্রত্যাশা, সারাদেশ থেকে পাঁচ শতাধিক গৃহরাঁধুনি এ প্রতিযোগিতায় অংশ নেবেন। পাশাপাশি ডিজিটাল, প্রিন্ট ও সরাসরি প্রচারণার মাধ্যমে দর্শকদের ব্যাপক সম্পৃক্ততা তৈরি হবে।


আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী মাছের রেসিপিগুলোকে নতুনভাবে উপস্থাপনের পাশাপাশি ‘শেফস চয়েস’ পণ্য ব্যবহার করে তৈরি উদ্ভাবনী রেসিপির একটি সমৃদ্ধ সংগ্রহ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।