শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

নগরীর সড়ক সংস্কারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন
নগরীর সড়ক সংস্কারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

রাজশাহীর ভদ্রা থেকে মেহেরচণ্ডি ফ্লাইওভার পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী নগরীর ভদ্রা রেলক্রসিং মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ভদ্রা ও এর আশপাশের এলাকায় বসবাস করেন। বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য তাদের নিয়মিত এই সড়কটি ব্যবহার করতে হয়। পাশাপাশি পেশাজীবীসহ স্থানীয় সাধারণ মানুষও প্রতিদিন সড়কটি ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদামাটির সৃষ্টি হয়, ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।


শিক্ষার্থীরা আরও বলেন, কোনো ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটার আগেই দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার করতে হবে। শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত সংস্কারকাজ শুরু করার দাবি জানান তারা।


মানববন্ধনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাফিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। কিন্তু প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করেন। বৃষ্টি হলে সড়কটিতে এক হাঁটু পর্যন্ত পানি জমে যায় এবং কাদামাটির সৃষ্টি হয়। তখন এই সড়ক দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমরা চাই, প্রশাসন দ্রুত জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে সড়কটির সংস্কারকাজ শুরু করুক।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা খাতুন বলেন, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াইনি। আমরা এখানে দাঁড়িয়েছি নিরাপদ সড়ক ও নির্বিঘ্ন যাতায়াতের দাবিতে। নিরাপদ সড়ক মানুষের মৌলিক চাহিদার মতোই গুরুত্বপূর্ণ। সড়কটির বিভিন্ন স্থানে দিন দিন বড় বড় গর্ত তৈরি হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটতে পারে। হয়তো তখন প্রশাসনের টনক নড়বে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, এই সড়ক দিয়ে অনেক রোগীও যাতায়াত করেন। তাদেরও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা দ্রুত সময়ের মধ্যে এই সড়কের সংস্কার চাই।


মানববন্ধনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।#