ঈশ্বরদী ও আটঘরিয়া আ‘লীগের তিন শীর্ষ নেতা ঢাকায় গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শীর্ষ নেতাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান।
গ্রেপ্তার ৩ আ’লীগ নেতারা হলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলার সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।
ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া থেকে ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন ওই তিন নেতা। এ সময় তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি ঢাকায় অবস্থান করে নিজ নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদারের চেষ্টা চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
ওসি আশাদুর রহমান আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে ছিলেন। আর মকলেছুর রহমান মিন্টু ও শহিদুল ইসলাম রতন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।