বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

শিবগঞ্জে উদ্ধার নবজাতককে রাজশাহীর ছোটমণি নিবাসে হস্তান্তর

শিবগঞ্জ প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
শিবগঞ্জে উদ্ধার নবজাতককে রাজশাহীর ছোটমণি নিবাসে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উদ্ধার হওয়া নবজাতককে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যার জন্য রাজশাহীর ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নবজাতকটিকে হস্তান্তর করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৩ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার জালমাছমারী ঈদগাহের সামনের বালুর ভেতরে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে বিষয়টি পুলিশকে জানান।


খবর পেয়ে উপজেলা প্রশাসন নবজাতকটির দায়িত্ব নেয়। তার প্রয়োজনীয় পরিচর্যা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার নবজাতকটিকে রাজশাহীর ছোটমণি নিবাসে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।


প্রশাসনের এ উদ্যোগে নবজাতকটি নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।