রূপপুর প্রকল্পের অভ্যন্তরে কন্টেইনারে আগুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের অভ্যন্তরে রাখা একটি কন্টেইনারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঈশ্বরদীর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে বড় ধরনের কোন ক্ষতি কিংবা কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রকল্পের অভ্যন্তরে রাখা একটি কন্টেইনারে আগুন লাগে। এসময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে সামাজিক মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় বলে জানান প্রকল্পে কর্মরত একাধিক ব্যক্তি। তবে তারা তাদের নাম প্রকাশ করতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, কন্টেইনারের ভেতরে থাকা কাগজপত্র, ফাইল ছাড়া আর কিছু ছিল না। শুধু এগুলো পুড়ে গেছে। আগুনে উল্লেখযোগ্য তেমন কোন ক্ষতিও হয়নি। তিনি জানান, ওই কন্টেইনারে থাকা এসি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে এ আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তবে তিনি বলেন বড় ধরনের কোন ঘটনা নয়।