চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে এইচএসসি পাশের হার ৮৪ শতাংশ। ব্যবসা শিক্ষা অনুষদে ১০৭ জন শিক্ষার্থী অকৃতকার্য

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম প্রাচীন বিদ্যাপিঠ নবাবগন্জ সরকারি কলেজ। চলতি বছর উক্ত কলেজের এইচএসসি ফলাফল বিশ্লেষণ করে দেখা স্মরণকালের সবচেয়ে নিম্নমানের ফল হয়েছে এবার। এইচএসসিতে সবচেয়ে খারাপ করেছে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা। এ কলেজে তিন বিভাগ মিলিয়ে যেখানে পাসের হার ৮৪ শতাংশ, সেখানে ব্যাবসা শিক্ষা অনুষদে ৫৪ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
রাজশাহী বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ২৩৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১৩০ জন। বাকী ১০৭ শিক্ষার্থী অকৃতকার্য হয়। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে অকৃতকার্যের পরিমাণ বেশি হওয়ায় সার্বিক ফলাফলে পাসের হার কমেছে।
ফলাফলে দেখা গেছে, মানবিক বিভাগের ২৩৮ শিক্ষার্থীর মধ্যে ২২৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। বিজ্ঞান বিভাগের ৪১৯ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৪ শিক্ষার্থী।
এ বিষয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল বলেন, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ করার অন্যতম কারণ হচ্ছে তারা কলেজে ক্লাস করতো না। শিক্ষার্থীদের বারবার তাগাদা দেওয়ার পরও তারা ক্লাসে আসেনি। তিনি এ কলেজে যোগদান করার পর কয়েকবার অভিভাবক সমাবেশ করে বলেছেন শিক্ষার্থীরা ক্লাসে ঠিকমত উপস্থিত হচ্ছেনা। এ বিষয়টি জানার পরও অভিভাবকরাও সমাবেশে তেমন কোন সাড়া দেন নি।