রাকসু নির্বাচন : ক্যাম্পাসের বাইরে বিএনপি-জামায়াতসহ উৎসুক জনতার ভিড়

স্টেশন বাজারে অবস্থান করছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন লোকজন। ছবি: সংগৃহীত
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের বাইরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকেই স্টেশন বাজার, বিনোদপুরসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন।
রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব প্লাবন বলেন, “আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি। আমাদের মধ্যে রাজশাহী জেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। আমরা আমাদের প্যানেলের পক্ষে অবস্থান করছি। নির্বাচনের বিভিন্ন খবর ও আলোচনা শুনে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। যেহেতু আমরা বহিরাগত, তাই ক্যাম্পাসের বাইরে থেকেই অবস্থান করছি।”
অন্যদিকে জামায়াত নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, “৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। আমরা উৎসুক জনতা হিসেবে এখানে অবস্থান করছি। আমাদের বাসা পাশেই হওয়ায় আমরা কাছ থেকে এই নির্বাচনী উৎসব দেখছি। অনেকেই আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবাই ফলাফলের অপেক্ষায় আছি।”
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৯টি ভবনেট ১৭ টি কেন্দ্রে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় রাত বিকাল ৪টায়। সন্ধ্যার পর থেকে ভোট গণনা চলছে।