রাকসু নির্বাচনে বোমা ফাটানোর ভিডিওটি এআই-নির্মিত : আরএমপি

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন চলাকালীন এক গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলার সময় বোমা ফাটানোর একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পিপিএম জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে ভিডিওটি পরীক্ষা-নিরীক্ষা ও ফ্যাক্ট-চেক করে দেখা যায়, দৃশ্যটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) দ্বারা তৈরি। কোনো একটি মহল ইচ্ছাকৃতভাবে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের ভুয়া ভিডিও প্রচার করছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, গুজব ছড়ানো, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন। মিথ্যা ও গুজবমূলক কোনো বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক দেওয়া বা কমেন্ট করা ফৌজদারি অপরাধ। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার একটি বাগানের ভেতর কিছু লোক দাঁড়িয়ে কিছু করছে এরকম অস্পষ্ট দূর থেকে ধারন করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলা হয়েছে “একটি রাজনৈতিক দলের লোকজন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত পাশে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছে”। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে দেখতে পায় যে, বিভিন্ন দলের সমর্থক স্থানীয় উৎসুক লোকজন বাগানের পায়ে হাঁটাপথে ঘুরাফেরা করছে, গাছের ছায়ায় আড্ডা দিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে। এটির খুব নিকটেই পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যদের অবস্থান।

বাস্তবতা হচ্ছে এরকম একটি প্রকাশ্য স্থানে পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া কর্মীদের নাকের ডগায় অস্ত্র বিতরণ করা সম্ভব নয়। কোন একটি মহল উৎসুক লোকজনের আড্ডা দেয়া ও খাওয়ার বিষয়টি দূর থেকে ধারণ করে অস্ত্র বিতরণের নামে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতংক ছড়ানোর চেষ্টা করছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে গুজব ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। মিথ্যা, বিভ্রান্তিকর এবং গুজবমূলক বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক এবং কমেন্ট করা ফৌজদারি অপরাধ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।