রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহী বোর্ডে সাত বছরে পাসের হার সর্বনিম্ন

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০২:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০২:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ; যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। এ বছর মোট পরীক্ষার্থীর ২৫ ভাগ ফেল করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর ২০২৩ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ এবং ২০১৯ সালে ৭৬ দশমিক ৩৮ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৪ হাজার ১৪৩ জন। এরমধ্যে ৬৯ হাজার ৩৩৪ জন ছাত্র ও ছাত্রী ৬৪হাজার ৮০৯ জন। এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। জিপিএ-৫ এর দিক থেকে ছাত্রীরাও এগিয়ে রয়েছে। এ বছর ছাত্রের পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ।

ছাত্র জিপিএ- ৫ পেয়েছে ৪ হাজার ৪৫৫ জন ও ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮২ জন।
এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৩২ হাজার ৬৩৮ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২৫ শতাংশ। সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজিতে। এ ছাড়া ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর কেউ পাস করেনি।

চলতি বছরের এইচএসসি–সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘এ বছর পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। একই সঙ্গে জিপিএ-৫ এর দিক থেকে ছাত্রীরাও এগিয়ে রয়েছে।