রাণীনগরে তিন শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দুইজন সহকারি শিক্ষা কর্মকর্তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সূর্য্য কুমার অধিকারীর সভাপতিত্বে প্রথমবারের মতো এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মনিরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়ার সন্তান উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাদিরউজ্জামান পদোন্নতি পেয়ে সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পদায়িত হয়েছেন। এছাড়া সহকারি শিক্ষা কর্মকর্তা এস এম আবু রায়হান জেলার মহাদেবপুর ও জয়ন্ত কুমার সরকার জেলার বদলগাছী উপজেলায় সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাদিরউজ্জামানের নেতৃত্বে পুরো টিমের সমন্বয়ের কারণেই উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বিদ্যালয়মুখি হয়েছেন। উপজেলা শিক্ষা অফিসকে দালাল মুক্ত করতে এই টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে একটি সুন্দর ও সুষ্ঠ পরিবেশ বিনির্মাণে এই টিমের ভ’মিকা অনস্বীকার্য। আগামীতে যারা এই সকল পদে আসবেন তারা নিশ্চয় উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে এই সুস্থ্য ধারার ধারাবাহিকতা রক্ষা করতে কাজ করবেন এমন আশা ব্যক্ত করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
এই কর্মকর্তারা যেখানেই দায়িত্ব পালন করবেন সেখানেই আপন কর্মদক্ষতায় ও চৌকস নেতৃত্বে সকল শিক্ষকদের মন জয় করে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্তর স্থাপন করতে সক্ষম হবেন বলে আশা উপজেলার শিক্ষক মহলের।