রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিসে বাদামের পার্সেলে সাড়ে ১৪ কেজি গাঁজা

WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৯:২১ অপরাহ্ন
WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৯:২১ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে বাদামের পার্সেলের ভেতর থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। এ ঘটনায় দুলাল হোসেন নামের এক মাদক কারবারিকে আদালতের মাধ্যমে সোমবার (১৬ অক্টোবর) পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাবনা র‌্যাব ১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায় রোববার (১৫ অক্টোবর) রাতে ঈশ^রদী শহরের মালগুদাম রোডস্থ করতোয়া কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে দুলাল হোসেনকে গ্রেপ্তার করে তার নিকট থেকে বাদামের পার্সেলের মধ্যে ১৪ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দুলাল লালমনিরহাট জেলার সদর থানার দুরাকুঠি এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে। র‌্যাব জানায়, দুলাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচার করে আসছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নূর জানান, বাদামের পার্সেলের ভিতর গাঁজা রাখার ঘটনা খুবই চতুর কৌশল। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।