ঈশ্বরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ঘর পুড়ে ছাই
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে আঙিনার আবর্জনা পোড়ানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বাবু পাড়া কামিনী হাসপাতাল রোডে ‘রংধনু ফুড’ নামের একটি অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, তার বাড়িতে রংধনু ফুডের স্বত্বাধিকারী মার্জিয়া আক্তার রিমার ওই ঘরে তখন কেউ ছিল না। বাড়ির বাইরের আবর্জনা পরিষ্কার করে আগুন ধরিয়ে দিলে সে আগুন থেকে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরিত হয়ে পাশাপাশি দুই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।