ঈশ্বরদীতে স্কুল ছাত্রকে যৌন নির্যাতন করার প্রতিবাদে বিক্ষোভ : মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে এক স্কুল ছাত্রের সঙ্গে যৌন নির্যাতন করার ঘটনায় অভিযুক্ত অটোচালক আব্দুর রহিমকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা ৪৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন সুলতানা বলেন, শিশুদের সঙ্গে এমন অমানবিক আচরণে তারা মানসিকভাবে ভেঙে পড়ে, আনন্দ হারিয়ে ফেলে এবং পড়ালেখায় ব্যাঘাত ঘটে। এ ধরনের নোংরা কাজ শিশুদের মনে গভীর আঘাত হানে। সমাজে এমন কাজের জন্য শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যেন অভিযুক্ত আব্দুর রহিমের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
এসময় বক্তব্য দেন শিক্ষক তারানা আফরোজ, সানজিদা খাতুন, মো. আব্দুর রকিব, নাহার আক্তার, মো. জসিম উদ্দিন। এসময় এলাকাবাসী মনজুর, আলম ফকির, মিনারুল বিশ্বাস, শাহিন হোসেন, খাইরুল ইসলাম, শহিদুল ফকির, রেজাউল সরদার, রেহানা খাতুন, ভুক্তভোগী শিশুর মা রহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ গত ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা স্কুলপাড়া গ্রামে নির্জন লিচু বাগানে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রকে যৌন নির্যাতন করে একই গ্রামের অটো ইজিবাইক চালক আব্দুর রহিম। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত রহিম পলাতক রয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুর নূর বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্ত আব্দুর রহিম পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।