বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ১২০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন
‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’ বাস্তবায়নে অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এছাড়াও ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে নতুন প্রকল্প ১১টি ও সংশোধিত প্রকল্প দুটি।
বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি ৭ লাখ টাকা।
প্রকল্পগুলো হলো-
বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালপাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ (১ম পর্ব) প্রকল্প, ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প এবং সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ ( সংশোধিত), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি প্রকল্প- বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য অপারেশনাল যানবাহন ক্রয় প্রকল্প; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সেনানিবাসে মঈনুল রোড আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ, জিগাতলাস্থ গাবতলা কলোনীতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প।
দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন, শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৫) প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তিতাস গ্যাস ফিল্ডে ২টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ (তিতাস ৩২ ও ৩৩) খনন প্রকল্প; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প (৩য় সংশোধিত)।
পরিকল্পনা কমিশনের প্রকল্প সারসংক্ষেপে বলা হয়েছে, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের মানুষের জনস্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য। প্রকল্পের আওতায় বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন করা হবে।
পরিকল্পনা কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের আওতায় নিম্নআয়ের পরিবারের জন্য ৫৯ হাজার ৭৭৮টি স্বাস্থ্যসম্মত দুই গর্তবিশিষ্ট ল্যাট্রিন, ৪ হাজার ৩৯৪টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট, ২২ হাজার ১৭৬টি অগভীর নলকূপ এবং ৪ হাজার ৮২৯টি গভীর নলকূপ স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া সাবমার্সিবল পাম্প ও জলাধারসহ ৫ হাজার ৩৯৯টি অগভীর নলকূপ এবং ১ হাজার ১১৩টি গভীর নলকূপ, ১২৫টি গণশৌচাগার, ১ হাজার ৬৮টি রিংওয়েল এবং ১ হাজার ৭৯৭টি বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় পুকুর পুনঃখনন এবং ১৬টি পন্ড স্যান্ড ফিল্টার নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ডেল্টা প¬্যান-২১০০-এ চিহ্নিত পানিসংকটপ্রবণ ছয়টি এলাকার মধ্যে বরেন্দ্র অঞ্চল দ্বিতীয় অবস্থানে রয়েছে।
শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় খাবার পানি ও সেচের পানির সংকট দেখা দেয়। বর্ষাকালে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানির সংকট পুরোপুরি কাটে না।
প্রকল্পের নথিতে বলা হয়েছে, বরেন্দ্র অঞ্চলের মাত্র ৬৩ দশমিক ৬ শতাংশ মানুষ মৌলিক স্যানিটেশন সুবিধা পায়। অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার কারণে পানিবাহিত রোগ ও পরিবেশদূষণের ঝুঁকি বাড়ছে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার পাশাপাশি মানুষের কর্মক্ষমতা কমছে, যা আর্থ-সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
বারবার খরা, অনিয়মিত বৃষ্টিপাত, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং নিরাপদ পানির সীমিত উৎসের কারণে রাজশাহী ও রংপুর বিভাগের সব উপজেলাকে এ প্রকল্পের আওতায় নেওয়ার প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন। জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে এসব সমস্যা আরও তীব্র হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পে ২০২৬-২৭ অর্থবছরে ২৯২ কোটি ৯৩ লাখ টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ৩৫০ কোটি ৩৭ লাখ টাকা, ২০২৮-২৯ অর্থবছরে ৩৬৭ কোটি ৫৮ লাখ টাকা এবং ২০২৯-৩০ অর্থবছরে ১৯২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে।
২০২৬ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় নির্ধারিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের শর্তে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়।
পরিকল্পনা কমিশন জানিয়েছে, নিরাপদ পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক ও নিরাপদ জনপদ গড়ে তোলার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারের সাথেও প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ।
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৫০ কোটি টাকার বেশি হওয়ায় ২০২২ সালের জুনে জারি করা সরকারের উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী এর জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন প্রয়োজন।
প্রয়োজনীয় অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটি বিবেচনা ও অনুমোদনের জন্য একনেকের সভায় উপস্থাপনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।