শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:২৯ অপরাহ্ন
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


জাতি ধর্ম বা বর্নের উর্ধ্বে মানুষই সর্বোচ্চ ফকির লালন সাঁইয়ের এই কালজয়ী মানবতাবাদী বাণীকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো তাঁর ১৩৫তম তিরোধান দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার।

বক্তারা তাঁদের বক্তব্যে লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবপ্রেম ও সাম্যের চেতনা তুলে ধরেন। তাঁরা বলেন, লালনের বাণী শুধু সংগীত নয়, এটি এক গভীর জীবনদর্শন, যা মানুষে মানুষে বিভেদ ভুলে ঐক্যের বার্তা দেয়।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ তাঁর বক্তব্যে বলেন, লালন সাঁইয়ের শিক্ষা আমাদের শিখিয়েছে ধর্ম, জাতি বা বর্ণের ঊর্ধ্বে মানুষই সর্বোচ্চ। তাঁর দর্শন আজও প্রাসঙ্গিক। আমরা যদি লালনের মানবতার বাণী জীবনে ধারণ করতে পারি, তবে সমাজ থেকে ঘৃণা, হিংসা ও বৈষম্য দুর হবে। লালনের দর্শনে অনুপ্রাণিত এই আয়োজনটি চাঁপাইনবাবগঞ্জে মানবতা ও ঐক্যের এক নতুন সুর ছড়িয়ে দিবে।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা পরিবেশন করেন লালন গীতি, বাউল সুর ও মানবতার গান। দর্শক-শ্রোতারা দেহতত্ত্ব ও লালনের দর্শনে মুগ্ধ হয়ে গানগুলোর সাথে গলা মেলান। এ আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি কর্মী, শিক্ষক, ছাত্রছাত্রী, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।