সোমবার, নভেম্বর ০৯, ২০২৬

কানসাট স্লুইসগেট বন্ধ, ফসলের মাঠে পানি-দিশেহারা হাজারো কৃষক

শিবগঞ্জ প্রতিনিধি ০৮ নভেম্বর ২০২৬ ১১:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০৮ নভেম্বর ২০২৬ ১১:১২ অপরাহ্ন
কানসাট স্লুইসগেট বন্ধ, ফসলের মাঠে পানি-দিশেহারা হাজারো কৃষক

একদিকে দুই ফসলি জমিতে জলাবদ্ধতা, অন্যদিকে কচুরিপানায় ভরে আছে ক্ষেত। জেলার বিভিন্ন স্থানে আবাদ করা সরিষা চলতি মাসেই উঠে যাবে। অথচ চাঁপাইনবাবগঞ্জের অন্তত ৩৩ হাজার বিঘা জমিতে চাষাবাদ তো দূরের কথা, জমিতে এখন চলছে নৌকা। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপও এখন পানিবন্দি।


জেলার পিঠালিতলা, বিলভাতিয়ার আংশিক, দামুসসহ বিভিন্ন বিলের বেশির ভাগ জায়গা থেকে পানি নেমে গেলেও কানসাট শহরের অদূরে পাগলা নদীর মুখে পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেটটি বন্ধ থাকায় খিরির বিলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের খিরির বিলের জলাবদ্ধতা এখন কৃষকদের উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।


গত তিন দিন আগে গেটটি খোলার ঘণ্টাখানেকের মধ্যেই আবার বন্ধ করে দেওয়ায় প্রায় ৩৩ থেকে ৩৫ হাজার বিঘা কৃষিজমি পানির নিচে রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো কৃষক।


সময়মতো পানি নিষ্কাশন না হওয়ায় জমিতে ফসল আবাদ করতে না পেরে হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।


স্থানীয়রা জানান, জেলার ভোলাহাটের কিছু অংশ এবং শিবগঞ্জ উপজেলার কিছু অংশ মিলে প্রায় ৩৫ হাজার বিঘা জমি নিয়ে বিস্তৃত এই অঞ্চলটি খিরির বিল নামে পরিচিত। বর্ষার আগে এসব জমিতে আউশ ধান এবং বর্ষার পরে কাদামুক্ত জমিতে মাসকলাইসহ বিভিন্ন সবজি চাষ করা হয়। জমি শুকিয়ে গেলে সেখানে আরও একটি ফসল আবাদ করা সম্ভব হয়।


শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়ার ১৬ হাজার বিঘা, ভোলাহাট উপজেলার আমগাছির ১০ হাজার বিঘা এবং দাইপুকুরিয়া ইউনিয়নের প্রায় ৯ হাজার বিঘা জমি নিয়ে বিস্তৃত এই অঞ্চল। এ বিলে অন্তত চার হাজার কৃষকের জমি রয়েছে। জমিগুলো নিচু হওয়ায় অন্তত তিন মাস পানিতে ডুবে থাকে। আর কানসাটের স্লুইসগেট সময়মতো না খুললে আরও চার মাস জলমগ্ন থাকে এখানকার ৩৫ হাজার বিঘা জমি। এতে এসব জমিতে কৃষকরা শুধু ধান চাষ করতে পারেন।


চলতি মৌসুমে অক্টোবর মাসের প্রথম দিকে গেটটি আংশিক খুলে দিলে অন্তত এ এলাকার ২০ হাজার বিঘা জমি চাষের উপযোগী হতো। মাসকলাইসহ বিভিন্ন ফসল উঠে যাওয়ার পর আরও একটি ফসল ফলানো যেত। আর নভেম্বরের প্রথম দিকে গেটটি খুলে দিলে পানি নিষ্কাশনের ফলে এ এলাকার ৯৫ শতাংশ জমিতে আবাদ করা সম্ভব হতো।


গত তিন দিন আগে ভুক্তভোগী কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে গেটটি খোলা হলেও অজ্ঞাত কারণে ঘণ্টাখানেকের মধ্যেই আবার বন্ধ করে দেওয়া হয়। এতে কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।


ভুক্তভোগী কৃষকদের একটাই দাবি, দ্রুত কানসাট স্লুইসগেট খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা তাদের। এতে হাজারো কৃষকের মুখে আবারও হাসি ফুটবে এবং কৃষিজমিতে ফিরবে ফসলের আবাদ।


দাইপুকুরিয়া ইউনিয়নের ৬০ বছর বয়সী মো. তাজামুল হক বলেন, আমার ৬ বিঘা জমির ওপর পানি থাকার কারণে সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ করতে পারছি না। কানসাট স্লুইসগেট বন্ধ থাকায় খিরির বিলের পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে দীর্ঘদিন ধরে কৃষিজমিতে পানি জমে রয়েছে। দ্রুত স্লুইসগেট খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে বিলের পানি কমে আসবে এবং কৃষিজমিগুলো পুনরায় চাষাবাদের উপযোগী হবে।


অপর কৃষক মাসিকুল ইসলাম জানান, তার ৬০ বিঘা জমির মধ্যে ৩৫ বিঘাই এ বিলে। তিনি বলেন, মাত্র এক ধান পেয়েছি। এখনও জমিতে নৌকা চলছে। আর কচুরিপানায় জমি ভর্তি। পানি নিষ্কাশনের ব্যবস্থা হলেও প্রভাবশালীদের চাপে আবার বন্ধ হয়ে গেল। এখন আমরা কী খাব সারা বছর? সংসারই বা চলবে কীভাবে?


কৃষক মনিরুল ইসলাম জানান, তাদের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ। কিন্তু জমিতে পানি জমে থাকায় সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। সময়মতো পানি না নামলে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হবে। এতে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা। অনেক কৃষক পরিবার নিয়ে কীভাবে জীবিকা নির্বাহ করবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।


আল আমিনসহ স্থানীয় কৃষকদের দাবি, কানসাট স্লুইসগেট খুলে দিলে দ্রুত খিরির বিলের পানি নিষ্কাশন সম্ভব হবে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন তারা। পাশাপাশি জমিতে আবারও সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ করতে পারবেন। প্রভাবশালীদের নয়, এ এলাকার কয়েক শ কৃষকের মনের কথা শোনার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানিয়েছেন তারা।


এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, খিরির বিলে জলাবদ্ধতার বিষয়টি তারা অবগত হয়েছেন। স্লুইসগেটের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ ও নিষ্কাশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কৃষকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে কৃষকদের এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।


অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, ওই বিলসহ এলাকার পানি নিষ্কাশন এবং কানসাট স্লুইসগেট নিয়ন্ত্রণের জন্য পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও কৃষকদের সমন্বয়ে একটি কমিটি রয়েছে। ওই কমিটির সিদ্ধান্তে সম্প্রতি গেটটি খোলা হলেও সন্ধ্যায় কিছু ব্যক্তির অনুরোধে আবার বন্ধ করা হয়। বিষয়টি তদন্ত করে কমিটির সদস্যরা বসে কৃষকদের স্বার্থে দ্রুত গেটটি খোলার ব্যবস্থা করবেন।