সোমবার, নভেম্বর ০৯, ২০২৬

বাঘা মাজারে চুরির ঘটনা

সোনার দেশ ০৮ নভেম্বর ২০২৬ ১১:২৫ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ০৮ নভেম্বর ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
বাঘা মাজারে চুরির ঘটনা

চোর শনাক্ত করে শাতির ব্যবস্থা নিতে হবে

বাঘায় হজরত আব্দুল হামিদ দানিশ মন্দের (রহ.) মাজারে ভক্তদের দান ও মানতের টাকা আবারো চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে মাজারের কবরের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সোনার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। 


যে ভক্তরা মাজার জিয়ারত করতে আসেন, তারা মানত কওে মাজারে অর্থ দান করেন। মাজারের পাশে থাকা সিন্ধুক ও দানবাক্স ভেঙ্গে চোর টাকা নিয়ে গেছে। চুরির সময় তড়িঘড়ি করতে গিয়ে মাজারের ভেতরে বিভিন্ন মানের টাকা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।  


সংবাদ মাধ্যমের তথ্যমতে, গত ১৫ অক্টোবর, উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে মসজিদ ও মাজার কমিটির মাধ্যমে সিন্দুকটি খোলা হয়েছিল। সে সময় সিন্দুক থেকে দুই লাখ টাকার বেশি পাওয়া গিয়েছিল। স্থানীয়দের ধারণা মতে- পরবর্তী ২২ দিনে সিন্দুকে অনুমান লাখ খানেক টাকা জমা হয়েছিল। তবে চুরি হওয়া অর্থের প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।


সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজারের ভক্তদের দান করা টাকা চুরির ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে। বিশেষ করে গেল অক্টোবরে বাঘা সংলগ্ন লালপুর থানার হযরত বাগুদেওয়ান (রহ.)-এর মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে দানের টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র রাখা একটি পুরোনো স্টিলের বাক্সও চুরি যায়। এসব চুরির ঘটনার পরও বাঘা মাজারে বাড়তি নিরাপত্তা বা সতর্কতা অবলম্বন করা করা হলো না কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের কথা- মাজারের মতো একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ধর্মীয় স্থানের সিন্দুক ভেঙে চুরির ঘটনা প্রত্যাশিত নয়। এ নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। 


চুরির ঘটনা নিবিড় তদন্ত হওয়া দরকার। মাজারের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে কীভাবে চুরির ঘটনা ঘটতে পারলো- সে প্রশ্নের উত্তর জানা দরকার। মাজারের সাথে কিংবা নিরাপত্তা ব্যবস্থার সাথে যারা সংশ্লিষ্ট তাদের কোনো যোগসাজস আছে কি না সেটাও খতিয়ে দেখতে হবে। জড়িতদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে করে পুনর্বার এ ধরনের ঘটনা ঘটতে না পারে।