সোমবার, নভেম্বর ০৯, ২০২৬

রাজশাহীতে শ্যামাপূজায় আলোর উৎসব, অন্ধকারের বিনাশ

নিজস্ব প্রতিবেদক ০৮ নভেম্বর ২০২৬ ১১:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ নভেম্বর ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
রাজশাহীতে শ্যামাপূজায় আলোর উৎসব, অন্ধকারের বিনাশ

কার্তিক অমাবস্যার নিশীথে যখন চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে যায়, তখনই জ্বলে ওঠে হাজারও মাটির প্রদীপ। শক্তির অধিষ্ঠাত্রী দেবী কালীর আরাধনায় ঘরে ঘরে উদযাপিত হয় শ্যামা পূজা বা দীপাবলি। এর পাশাপাশি মণ্ডপে মণ্ডপে দেবী শ্যামার আরাধনা, ধূপের গন্ধ, ঘণ্টা ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ। অমাবস্যার এই নিবিড় অন্ধকার মানুষের ভেতরের অজ্ঞানতা, জড়তা ও কুপ্রবৃত্তির প্রতীক; আর প্রদীপের আলো হলো আত্মশুদ্ধি, প্রজ্ঞা ও শুভ শক্তির উদ্বোধন।


রোববার (৮ নভেম্বর) রাজশাহী মহানগরের সাহেববাজার, কুমারপাড়া, রাজার হাতা কালিমাতার মন্দির, অলোকারমোড়, পঞ্চবটীসহ বিভিন্ন কালীমন্দির ও পূজামণ্ডপে শ্যামাপূজা উপলক্ষে ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী কালী শক্তি, সাহস ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে রাতে এই পূজা অনুষ্ঠিত হয়। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার কামনায় ভক্তরা দেবীর আরাধনা করেন। সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ ও মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় আলোর আয়োজন। পূজার আনুষ্ঠানিকতায় ফুল, ধূপ, নৈবেদ্য ও প্রার্থনার মাধ্যমে দেবীর কাছে আশীর্বাদ কামনা করেন ভক্তরা।


স্থানীয় বাসিন্দা সুব্রত কুমার বলেন, শ্যামাপূজা আমাদের কাছে অনেক আবেগের। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করি। মায়ের কাছে পরিবারের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করি।


মণ্ডপে আসা গৃহিণী মিতা রানী জানান, প্রদীপ জ্বালানো, পূজার আয়োজন ও পরিবারের সবাইকে নিয়ে মন্দিরে আসার মধ্যে আলাদা আনন্দ রয়েছে। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এটি আমাদের পারিবারিক ঐতিহ্য। 


শ্যামাপূজার তাৎপর্য শুধু দেবী আরাধনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অশুভের বিনাশ, শুভশক্তির প্রতিষ্ঠা এবং মানুষের মঙ্গল কামনার বিশ্বাস। অমাবস্যার ঘন অন্ধকারে জ্বলে ওঠা ছোট ছোট প্রদীপ যেন মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, আলোর প্রত্যাশা কখনো শেষ হয় না।


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব সাহা, শ্যামাপূজার মূল শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে শক্তি ও শুভের প্রতিষ্ঠা। বর্তমান সমাজেও এই শিক্ষা গুরুত্বপূর্ণ। এইদিনে ফ্রেন্ডরা মিলে ঘুরে বেড়াচ্ছি, মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখছি অনেক মজা হচ্ছে। আরও বেশ কিছু যাব ঘুরতে। তারপর খেতে যাওয়ার ও প্ল্যান আছে।