সোমবার, নভেম্বর ০৯, ২০২৬

তাইবুরের ডাবল সেঞ্চুরি, ৫১৩ রানে ঢাকার ইনিংস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ০৮ নভেম্বর ২০২৬ ১১:১৩ অপরাহ্ন খেলা
নিজস্ব প্রতিবেদক ০৮ নভেম্বর ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
তাইবুরের ডাবল সেঞ্চুরি, ৫১৩ রানে ঢাকার ইনিংস ঘোষণা

তাইবুর রহমানের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৫১৩ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করেছে ঢাকা বিভাগ। ২৯৪ বলে ২২টি চার ও তিনটি ছক্কায় ২১১ রানের অসাধারণ ইনিংস খেলেন তাইবুর। তাঁর ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ার পর দ্বিতীয় দিন শেষে ১৩২ রান তুলেছে খুলনা বিভাগ।


রোববার (৮ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ পর্বের ম্যাচে ঢাকা ও খুলনা বিভাগের মধ্যকার খেলায় এ চিত্র দেখা যায়।


প্রথম দিন ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন তাইবুর। ধীরস্থির ব্যাটিংয়ে তুলে নেন ডাবল সেঞ্চুরি। ৪৩২ মিনিট উইকেটে থেকে ২১১ রান করার পর রাকিবের বলে শর্ট কাভারে নূরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাঁর বিদায়ের পরই ১৩৬.১ ওভারে ৯ উইকেটে ৫১৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন ঢাকার অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।


দিনের শুরুতে অপরাজিত ৫৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বিপ্লব ব্যক্তিগত ৬৪ রানে জীবনের বলে এলবিডব্লিউ হন। তাইবুরের সঙ্গে তাঁর জুটি থেকে আসে ১৬৮ রান। এরপর সুমন খানকে নিয়ে আরও ৯১ রান যোগ করেন তাইবুর। সুমন ৬২ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।


খুলনার বোলারদের মধ্যে জীবন ১৪৫ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন। সফর আলী ৬৬ রান ও রাকিব ৮৭ রান দিয়ে দুটি করে উইকেট শিকার করেন।


জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় খুলনা। দলীয় ১৯ রানে ব্যক্তিগত ৭ রান করে আনামুলের বলে বিপ্লবের হাতে ক্যাচ দেন তিনি। এরপর আজিজুল হাকিম তামিমের সঙ্গে জুটি গড়েন কালাম সিদ্দিকী এলিন। দুজনের ৯৬ রানের জুটি ভাঙে এলিনের ৪৭ রানে। রাব্বির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।


দ্বিতীয় দিনের খেলা শেষে খুলনা ৩৭.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে। আজিজুল হাকিম তামিম ৪৯ এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২৪ রানে অপরাজিত রয়েছেন। সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন তাঁরা।