মাদারীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

সোনার দেশ ডেস্ক:
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার ওসি সোহেল রানা।
আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক সবার নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর-৩ আসনে বিএনপি থেকে অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম রেজা এবং আনিসুর রহমান তালুকদার মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় প্রচার চালাচ্ছেন।
দুপুরে রেজাউল করিম তার কিছু কর্মী ও সমর্থকদের নিয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দেখা করতে যান। এ সময় উপজেলা পরিষদ চত্বরে আনিসুর রহমানের সমর্থক কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচ এম তুহিন সঙ্গে রেজাউল করিমের সমর্থকদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় হামলায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, ওসি সোহেল রানা, সাংবাদিক ইব্রাহিম সবুজসহ অন্তত ১৫ জন আহত হন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা এইচ এম তুহিনের মোবাইলে ফোন করা করা হলে, তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
ওসি সোহেল রানা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: বিডিনিউজ