কেশরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত
মোহনপুরের কেশরহাটে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেশরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য আবু হেনা কামরুজ্জামান, কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, হাজি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী, পৌর যুবদলের আহ্বায়ক শাহিন আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা এবং রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।