রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ০৭ নভেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৭ নভেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা।


শনিবার (৭ নভেম্বর) গোদাগাড়ীর পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিনা এন্ট্রি ফিতে আয়োজিত এ প্রতিযোগিতায় আটটি জেলার আটটি দল অংশগ্রহণ করে। সকাল থেকে শুরু হওয়া খেলা দেখতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।


প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার আমীর অধ্যাপক আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের সভাপতি আব্দুল আল মামুন (নয়ন)। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডাঃ মোঃ আশিকুজ্জামান রাসেল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের রাণী ভবানী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী নিতাই চন্দ্র সরকার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. তৌফিকুল ইসলাম হেলাল, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন, গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহ্বায়ক হযরত আলী প্রমখ। 


দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এ খেলায় বগুড়া দলকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিক পালপুর ধরমপুর জাগরণী ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।


খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের হাতে ট্রফিসহ এক লাখ টাকার প্রাইজমানি এবং রানারআপ বগুড়া দলের হাতে ট্রফিসহ ৭০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।