রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির পৃথক দুই সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির পৃথক দুই সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৭ নভেম্বর) বিকেলে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা বিএনপি এবং পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।


সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।


সমাবেশে বক্তারা ৭ নভেম্বরকে জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। তাঁরা ১৯৭৫ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহ, সিপাহি-জনতার অভ্যুত্থান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন। বক্তারা বলেন, সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, কৃষির উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তাঁরা গণতন্ত্র, বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন।


সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম মতি, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ময়েজ উদ্দীন, সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, মো. তাসেম আলী ও মো. সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


অন্যদিকে, একই দিন বিকেলে পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে ‘আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম’ স্লোগানে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ রফিকুল ইসলাম।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক মোহা. হায়াত উদ্দৌলা। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা ইসমাইল হোসেন, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান মুক্তা ও যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহমান অনু।


এ সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।