হামে শিশু মৃত্যুর জন্য আ’লীগ দায়ী : হাবিব
বিএনপির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে। হামে শিশু মৃত্যুর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার ও আওয়ামীলীগ সরকার দায়ী। তিনি বলেন, আওয়ামীলীগ শাসনামলে হামের টিকা দেয়নি। যদি দিয়েও থাকে তা ছিল লোক দেখানো। এ কারনে এ বছর বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে অসংখ্য শিশুরা মারা যাচ্ছে। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রোববার (৩১ মে) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের পুরনো মোটরস্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান এ কথা বলেন।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে ঈশ্বরদীতে বিএনপির পরাজয়ের জন্য বহিস্কৃত বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারেক রহমান কোন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই দেবেন না। আগামী দিনে তাদের বিএনপি করতে না দেওয়ার জন্য দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করে তিনি বলেন, এসব বিদ্রোহী প্রার্থীর বিরোধীতা করার জন্য বিভিন্ন আসনের নির্বাচনে বিএনপি হেরেছে, জামায়াতে ইসলামীর মত স্বাধীনতা বিরোধী দলের নেতারা আমাদের ঘাড়ে নি:শ্বাস ফেলার মত ঔদ্ধত্য দেখানোর সাহস করছে তাদের দলে না নিলে আগামীতে নির্বাচনে বিএনপি ২৭০ আসনে নির্বাচিত হবে বিএনপি।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, সাবেক পৌর কাউন্সিলর প্রকৌশলী আবু জাহিদ উজ্জল, যুবদল নেতা সাজেদুজ্জামান জিতু প্রমুখ।
এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।