আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানার ওসি আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তালতলা এলাকায় মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের একটি গাড়ির কাচও ভাঙচুর করা হয়। এতে ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন।
পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। হামলার পরও পুলিশ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ধরতে ধাওয়া করে। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন