রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

৮ বছরের শিশুর পায়ুপথে বাতাস প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ১

সোনার দেশ ডেস্ক ০৭ নভেম্বর ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৭ নভেম্বর ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন
৮ বছরের শিশুর পায়ুপথে বাতাস প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ১

দিনাজপুরের ঘোড়াঘাটে ভলকানাইজিং দোকানের হাওয়া মেশিন দিয়ে আট বছর বয়সী এক শিশুর পায়ুপথে বাতাস প্রবেশ করানোর অভিযোগ উঠেছে দোকানমালিকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পায়ুপথে গুরুতর আঘাত ও রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দোকানমালিক মো. আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গত ২ নভেম্বর উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ডুগডুগীহাট বাজারে আফজাল হোসেনের ভলকানাইজিং দোকানে এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বর্তমানে শিশুটি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


শিশুটির বাবা মো. শফিকুল ইসলাম জানান, ছেলের মুসলমানি উপলক্ষ্যে গত ২৫ অক্টোবর তিনি শ্বশুরবাড়ি চৌরিয়া গ্রামে আসেন। ২৬ অক্টোবর ছেলের মুসলমানি সম্পন্ন হওয়ার পর ২৭ অক্টোবর তিনি ঢাকায় ফিরে যান। এর মধ্যে ২ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরের মাধ্যমে ছেলের অসুস্থতার খবর পান তিনি।


পরে শিশুটিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে রাত সাড়ে ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


শিশুটির বাবার অভিযোগ, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের কাছ থেকে শিশুটির শরীরের ভেতরে বাতাস প্রবেশের বিষয়টি জানতে পারেন তারা। পরে শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে জানায়, আফজাল হোসেনের দোকানে হাওয়া মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস প্রবেশ করানো হয়েছিল। এ ঘটনাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলেও অভিযোগ করেন শিশুটির বাবা।


এ ঘটনায় মো. শফিকুল ইসলাম ঘোড়াঘাট থানায় দোকানমালিক মো. আফজাল হোসেন ও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে লিখিত এজাহার দেন। শিশুটির চিকিৎসা ও পারিবারিক পরামর্শের কারণে থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র: ঢাকাপোস্ট