রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

বিএনপির অনুষ্ঠানে হঠাৎ বেজে উঠলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

সোনার দেশ ডেস্ক ০৭ নভেম্বর ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৭ নভেম্বর ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন
বিএনপির অনুষ্ঠানে হঠাৎ বেজে উঠলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
বিএনপির দলীয় কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দলীয় কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান। ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি পালন করে নগর বিএনপি।


নগরের অন্যান্য এলাকার মতো আগ্রাবাদেও চলছিল এ কর্মসূচি। একপর্যায়ে দলীয় গানের পরিবর্তে মাইকে বেজে ওঠে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি। পুলিশ বলছে, বিএনপির কর্মসূচিতে অসতর্কতাবশত গানটি বেজে উঠেছিল। তবে বিএনপির নেতারা জানিয়েছেন, ফেসবুকে ভিডিওটি দেখলেও ঘটনার বিস্তারিত তাদের জানা নেই।


ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। এ সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। বিএনপির কর্মসূচিতে এমন গান বাজানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল বলেন, ‘বিএনপির কর্মসূচিতে ওই গানটি বাজানোর ভিডিও পুলিশের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকরা জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যে অসতর্কতাবশত একপর্যায়ে ওই গানটি বেজে ওঠে। পরে দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয়। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।’


তবে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সারা দিন দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম। তবে কারা গানটি বাজিয়েছেন, তা খোঁজ নিয়ে দেখবো।’


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন